Print

সারাদিন

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

প্রকাশিত: ২:৪৬ অপরাহন, সেপ্টেম্বর ১, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি; এরপর যান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে। সেনাবাহিনীর একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সাক্ষাতে সেনাপ্রধান তার সাম্প্রতিক চীন সফর সম্পর্কে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। বৈঠকে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। সেনাপ্রধান জানান, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।

গত ২১ আগস্ট সরকারি সফরে চীন যান সেনাপ্রধান এবং ২৭ আগস্ট রাতে দেশে ফেরেন। ওই সফরে তিনি চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

আইএসপিআর বিজ্ঞপ্তিতে জানায়, সফরে কৌশলগত সহযোগিতা, জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবর্তন ও বাংলাদেশের সামরিক শিল্পের উন্নয়নে চীনের সহযোগিতা—এ বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়। এছাড়া তিনি নরিনকো গ্রুপের প্রেসিডেন্ট চেন ডেফাংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পিএলএর সামরিক একাডেমি ও গবেষণাগার পরিদর্শন করেন।

Nagad
Nagad