Print

সারাদিন

এআইইউবি-তে এসডিজি বাস্তবায়ন বিষয়ে সেমিনার

প্রকাশিত: ৩:৪২ অপরাহন, সেপ্টেম্বর ১, ২০২৫

জ্যেষ্ঠ প্রতিবেদক:

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-তে রোববার (৩১ আগস্ট) ‘বাংলাদেশে এসডিজি বাস্তবায়ন: অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এআইইউবি-র কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগ ড. আনোয়ারুল আবেদীন লেকচার সিরিজের অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারের প্রধান বক্তা ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর বিশিষ্ট ফেলো এবং সিটিজেনস প্ল্যাটফর্ম ফর এসডিজি বাংলাদেশ-এর কনভেনার ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি মূল প্রবন্ধে বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিশদ আলোচনা করেন।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘এসডিজি হলো এমডিজি থেকে এক যুগান্তকারী অগ্রযাত্রা, যা সর্বজনীনতা, আন্তঃনির্ভরতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছে।’ তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ইতোমধ্যেই এসডিজি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে—১৭টি এসডিজির সঙ্গে মন্ত্রণালয়সমূহের সামঞ্জস্যকরণ, দুটি জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন (সর্বশেষ ২০২৩ সালে), অর্থায়ন কৌশল (২০১৭), পর্যবেক্ষণ ও মূল্যায়ন কাঠামো (২০১৮) এবং বিশ্বের প্রথম এসডিজি ট্র্যাকার (২০১৭) চালু করা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি-র উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম এবং উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুর রহমান। উপাচার্য তার বক্তব্যে বলেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে এসডিজি বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পরিকল্পনা ও সহযোগিতার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব।”

সেমিনার শেষে শিক্ষার্থী ও শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণে মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। পরে উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম ও উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুর রহমান প্রধান বক্তাকে সম্মাননা স্মারক প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তাজুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের উপদেষ্টা ও ভারপ্রাপ্ত ডীন প্রফেসর ড. আনোয়ার হোসেন, ট্রেজারার, রেজিস্ট্রার, অর্থনীতি বিভাগের শিক্ষকবৃন্দসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের প্রধান ও সিনিয়র সহকারী অধ্যাপক ড. ফারিয়া সুলতানা।

Nagad
Nagad