প্রকাশিত: ৫:৩৩ অপরাহন, সেপ্টেম্বর ১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সরকারের ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই।
সোমবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
আইন উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। প্রধান উপদেষ্টা ইতোমধ্যে এ বিষয়ে বারবার বলেছেন। নির্বাচন কমিশনকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা সে অনুযায়ী পদক্ষেপ নিচ্ছেন।
এ সময় তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিদ্যমান মতভিন্নতা দূর হবে এবং প্রয়োজনীয় মুহূর্তে ঐক্য গড়ে উঠবে। তবে নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে কোনো আলোচনা নেই বলেও তিনি স্পষ্ট করেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, বিপ্লব-পরবর্তী সময়ে অস্থিরতা থাকাই স্বাভাবিক। মাঝে মাঝে পরিস্থিতির অবনতি হলেও আমরা তা মোকাবিলা করেছি, ইনশাআল্লাহ আবারও ভালো হবে।