Print

সারাদিন

নির্বাচন নিয়ে অপবাদ নিতে রাজি নই: সিইসি নাসির উদ্দিন

প্রকাশিত: ৮:৫৮ অপরাহন, সেপ্টেম্বর ১, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন নির্বাচন নিয়ে কোনো ধরনের অপবাদ বা দোষারোপ গ্রহণ করতে রাজি নন তিনি। একটি গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন নিশ্চিত করতে সর্বশক্তি দিয়ে কাজ করবে নির্বাচন কমিশন।

সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন সিইসি।

তিনি জানান, প্রতিনিধি দলটি নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিল। সিইসি তাদের বলেছেন, বিশেষ পরিস্থিতি ও বিশেষ ধরনের সরকারের অধীনেই এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের ইঙ্গিত দিয়ে রমজানের আগে ভোট আয়োজনের কথা বলেছিলেন। সে কারণেই শুরু থেকেই প্রস্তুতি জোরদার করা হয়েছে।

সিইসি বলেন, পর্যাপ্ত প্রস্তুতির অভাবের অভিযোগ যেন না আসে, আমরা কোনো ধরনের ব্লেম নিতে রাজি নই। এজন্যই আগে থেকেই কাজ শুরু করেছি।

গুজব ও ষড়যন্ত্র নিয়ে মার্কিন প্রতিনিধি দলের প্রশ্নে তিনি বলেন, এই দেশটা গুজবের দেশ। আমরা গুজবে কান না দিতে বলেছি। পুরো নির্বাচন বাতিলের ক্ষমতা ফেরত আনার ব্যবস্থাও করেছি।

তিনি আরও বলেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বাজেটের বিষয়টি সরকারের ওপর নির্ভরশীল। তবে সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়াই সহযোগিতা পাওয়া গেছে।

Nagad
Nagad

কালো টাকা প্রসঙ্গে সিইসি বলেন, একেবারে বন্ধ করা সম্ভব না হলেও নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঐকমত্যের ভিত্তিতে কমিশনের সঙ্গে আলোচনাও হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশবাসীকে সঙ্গে নিয়ে সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো যেন একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়।

এএমএম নাসির উদ্দিন আরও জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে আইটি সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হবে।