প্রকাশিত: ৮:২০ পূর্বাহ্, সেপ্টেম্বর ২, ২০২৫
সারাদিন ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে সুনিবিড় হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যের নাম আল আমিন। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে সুনিবিড় হাউজিং এলাকার একটি গ্যারেজে অভিযান চালায় পুলিশ। এ সময় আদাবর এলাকার কিশোর গ্যাং চক্রের মূলহোতা জনি ও রনি দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন আল আমিন।
তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, রাতে ৯৯৯ এ দুই পক্ষের গণ্ডগোলের খবর পেয়ে একটি গাড়ি নিয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গাড়ির চালক আল আমিন গাড়ির কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় এক পক্ষের লোক এসে তাকে কোপ দেয়। তার হাতে কোপ লেগেছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।