প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্, সেপ্টেম্বর ২, ২০২৫
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে। সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে নিজের যাতায়াত নিশ্চিত করার অভিযোগে সমালোচনার মুখে পড়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার (১ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। আদেশে বলা হয়, আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে দায়িত্ব হস্তান্তর করে সদর দপ্তরে যোগ দিতে হবে।
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ড. নাজমুল করিম খানের যাতায়াতের সময় সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ রাখা হতো। বিষয়টি প্রকাশিত হলে সামাজিক ও গণমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
ড. নাজমুল করিম খান পুলিশের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলেও সরকারের পতনের পর তিনি পুনরায় চাকরিতে ফেরেন এবং পরবর্তীতে ডিআইজি পদে পদোন্নতি পান। সর্বশেষ তিনি গাজীপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।