প্রকাশিত: ২:২১ অপরাহন, সেপ্টেম্বর ২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে হাটহাজারী থানায় এ মামলা দায়ের করা হয়। তবে মামলার বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।
অপরদিকে, সংঘর্ষের পর থেকেই জোবরা গ্রামসহ আশপাশের এলাকায় বহাল রয়েছে ১৪৪ ধারা। ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ক্লাস চালু থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি কম। বৃহস্পতিবার পর্যন্ত সব বিভাগের পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পরবর্তী করণীয় নির্ধারণে আজ বিকেল তিনটায় জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেছেন উপাচার্য।
উল্লেখ্য, গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে ভাড়া বাসায় প্রবেশকে কেন্দ্র করে এক ছাত্রীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষ হয়। এতে প্রোভিসি, প্রক্টরসহ কয়েকশ শিক্ষার্থী আহত হন। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।