প্রকাশিত: ৩:৩৫ অপরাহন, সেপ্টেম্বর ২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, নুরের অবস্থা আগের চেয়ে ইমপ্রুভ কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় আছে। তার যে জায়গাগুলোতে ইনজুরি হয়েছে সেই জায়গাগুলো খুব ফ্যাটাল। তার ব্রেনেও ইনজুরি হয়েছে, ব্লিডিং হয়েছে। চিকিৎসকদের সঙ্গে আলাপ করে জানতে পেরেছি, এখানে চিকিৎসার কোনো ত্রুটি হয়নি।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরকে দেখতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন ফখরুল।
পরে সাংবাদিকদের তিনি বলেন, নুরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনও পরিস্থিতি নাজুক। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর ব্যাপারে আমরা সরকারকে আহ্বান জানাবো।
বিএনপি মহাসচিব আরও বলেন, অভ্যুত্থানের পরও আইন-শৃঙ্খলা বাহিনী যদি নেতাদের ওপর হামলা চালায় তাহলে সাধারণ মানুষের অবস্থা কী হবে তা সহজেই অনুমেয়। প্রধান উপদেষ্টা যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছেন সেটি দ্রুত শেষ করে ব্যবস্থা নিতে হবে।