Print

সারাদিন

ফের কমল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার এখন ১২৭০ টাকা

প্রকাশিত: ৪:০৩ অপরাহন, সেপ্টেম্বর ২, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরেক দফা কমেছে। সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই ঘোষণা দিয়েছে। নতুন এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ২৭৩ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ৩ আগস্ট সর্বশেষ এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল। তখন আগস্ট মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়।

অটোগ্যাসের দামও কমল
একই সঙ্গে মঙ্গলবার অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। সেপ্টেম্বর মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের মূসকসহ দাম ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সেপ্টেম্বর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) প্রতি মেট্রিক টন যথাক্রমে ৫২০ মার্কিন ডলার ও ৪৯০ মার্কিন ডলার বিবেচনায় এই নতুন দাম সমন্বয় করা হয়েছে।

Nagad
Nagad