প্রকাশিত: ৪:৫৬ অপরাহন, সেপ্টেম্বর ২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টি সংক্রান্ত সব বিধান একক কাঠামোয় আনার জন্য নতুন মাস্টার সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্রকাশিত এ সার্কুলারের মাধ্যমে বৈদেশিক মুদ্রা লেনদেনের নীতিমালা আরও সহজ, সুসংহত ও স্বচ্ছ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ভাষ্য অনুযায়ী, পূর্বের বিভিন্ন গাইডলাইন ও সার্কুলারে ছড়িয়ে থাকা নির্দেশনাগুলো প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে একত্রিত করা হয়েছে। এতে বাণিজ্যিক ঋণ, বিদেশে প্রদত্ত গ্যারান্টি বা জামানতের বিপরীতে ঋণ, দেশীয় ও বিদেশি উভয়পক্ষের জন্য বিভিন্ন ধরনের গ্যারান্টি, রিপেমেন্ট গ্যারান্টি এবং লাইসেন্সপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ প্রদানের বিধান অন্তর্ভুক্ত রয়েছে।
নতুন সার্কুলারে ব্যাংকগুলোকে গ্যারান্টি, স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট (SBLC) ও অন্যান্য পেমেন্ট প্রতিশ্রুতির ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়ম যেমন URDG, UCP, ISP ইত্যাদি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। তবে তা দেশের আইন ও বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
এছাড়া সার্কুলারে বিশেষায়িত অঞ্চলের প্রতিষ্ঠানের জন্য ঋণ সুবিধা, বৈদেশিক ও স্থানীয় মুদ্রায় ঋণ গ্রহণের সুযোগ, Usance বিল ডিসকাউন্টিং, চলতি মূলধন সুবিধা, মধ্যম ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণের বিধানসহ সরকারি, বেসরকারি ও বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের জন্য ঋণ ও গ্যারান্টি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, একীভূত মাস্টার সার্কুলারের মাধ্যমে ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টি সংক্রান্ত বৈদেশিক লেনদেন আরও সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী হবে। বিশেষ করে বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর জন্য এটি সহায়ক হবে বলে তারা মনে করছেন।