প্রকাশিত: ৬:৫০ অপরাহন, সেপ্টেম্বর ২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৩ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৭৬ জন। এছাড়া বরিশালে ১১৩ জন, চট্টগ্রামে ৮১ জন, ময়মনসিংহে ১০ জন, রাজশাহীতে ৪৮ জন, রংপুরে সাতজন এবং সিলেটে দুজন ভর্তি হয়েছেন।
একই সময়ে ৪৯১ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ বছর এখন পর্যন্ত ৩০ হাজার ৮১৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে এ পর্যন্ত ৩২ হাজার ৫০১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ রোগীর সংখ্যা ৫৯ দশমিক ৭ শতাংশ এবং নারী রোগীর সংখ্যা ৪০ দশমিক ৩ শতাংশ। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৫ জনে।