Print

সারাদিন

৩ গার্মেন্ট মালিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির উদ্যোগ

প্রকাশিত: ৭:১৯ অপরাহন, সেপ্টেম্বর ২, ২০২৫

সারাদিন ডেস্ক

শ্রমিকদের ন্যায্য পাওনা না দিয়ে দীর্ঘদিন বিদেশে অবস্থান করার অভিযোগে তিন গার্মেন্ট মালিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে সরকার।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।

অভিযুক্তরা হলেন—টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন শামীম, ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলাহ ও ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ এবং রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম। শ্রম আদালতে দায়ের হওয়া মামলাগুলোর ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। যারা শ্রমিকদের প্রতি অবিচার করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইতোমধ্যে শ্রম মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর থেকে ইন্টারপোল কর্তৃপক্ষের কাছে রেড নোটিশের অনুরোধ পাঠানো হয়েছে।

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। এর পরিণতি মালিকদের ভোগ করতে হবে।

Nagad
Nagad