প্রকাশিত: ৮:১১ অপরাহন, সেপ্টেম্বর ২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা—বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫ শুরু হচ্ছে আগামী ৩০ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে (বিসিএফসিসি)। তিন দিনব্যাপী এ আয়োজন করছে দেশের শীর্ষ ট্যুরিজম বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।
সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক প্রেসমিটে বিস্তারিত জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টোয়াব সভাপতি মো. রাফেউজ্জামান। এসময় উপস্থিত ছিলেন বিটিটিএফের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শুভাশিস ভৌমিক।
বৃহৎ পরিসরে আয়োজন
টোয়াব পরিচালক (বাণিজ্য ও মেলা) মো. তাসলিম আমিন শোভন জানান, এবারের আয়োজন ১৩তম সংস্করণ। এটি হবে আগের যেকোনো সময়ের চেয়ে বৃহৎ ও জাঁকজমকপূর্ণ। এবারে প্রথমবারের মতো মেলায় অংশ নিচ্ছে টার্কিশ এয়ারলাইন্স।
মেলায় ২০টিরও বেশি দেশের ২৫০-এর বেশি প্রদর্শক থাকবেন। চারটি হলে ২২০টি স্টল, মেডিকেল ট্যুরিজমের জন্য আলাদা জোন, দেশি-বিদেশি এয়ারলাইন্স, ট্যুর অপারেটর, হোটেল ও রিসোর্টসহ নানা প্রতিষ্ঠান অংশ নেবে। ৫০ হাজারেরও বেশি দর্শনার্থী ও দুই হাজার ব্যবসায়ী প্রতিনিধির উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
অংশীদার ও সহযোগীরা
আয়োজনকে সফল করতে সহযোগিতায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ এবং এফবিসিসিআই।
গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে আন্তর্জাতিক হোটেল চেইন আইএইচজি। হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, ক্রাউন প্লাজা গুলশান ও হলিডে ইন ঢাকা। সাসটেইনেবেলিটি পার্টনার মিশন গ্রিন বাংলাদেশ এবং অন্যান্য সহযোগীদের মধ্যে রয়েছে সিম্ফনি অব ওয়েভ, ওপাস, এমথ্রিসিক্সটি, মায়েস্ট্রো ডিজিটাল, সেইবার বাংলাদেশ ও কনভয় সার্ভিস।
নতুনত্ব ও প্রযুক্তি
প্রথমবারের মতো বিটিটিএফ-এর জন্য একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এর মাধ্যমে দর্শনার্থীরা ভেন্যুর ম্যাপ, স্টল এবং প্রদর্শকদের তথ্য সহজে জানতে পারবেন। অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে বিদেশ থেকেও মেলার তথ্য দেখা যাবে।
টেকসই পর্যটন প্রচারণা
পুরো মেলায় প্লাস্টিক নিষিদ্ধ থাকবে। দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিবেশবান্ধব পর্যটন প্রচারণা চলবে। পাশাপাশি লোকজ কারুশিল্প জোনে প্রান্তিক কারুশিল্পীরা পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাবেন।
মেলায় ভ্রমণপিপাসুদের জন্য ছবি, ভিডিও ও গল্প প্রতিযোগিতা থাকছে। এছাড়া সাংবাদিকদের মধ্যে সেরা কভারেজ প্রদানকারীদের বিশেষ পুরস্কার দেওয়া হবে।
ঢাকাকেন্দ্রিক না রেখে ২০২৬ সাল থেকে খুলনা, সিলেট, রাজশাহী ও চট্টগ্রামে জোনাল মেলা আয়োজন করবে টোয়াব। এতে স্থানীয় ট্যুর অপারেটর, এজেন্ট, কারুশিল্প উদ্যোক্তা ও পর্যটন স্টেকহোল্ডাররা অংশ নেবেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা বলেন, “বিটিটিএফ বাংলাদেশের পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সরকার এ আয়োজনকে সফল করতে সব ধরনের সহযোগিতা করবে।”
টোয়াব সভাপতি মো. রাফেউজ্জামান বলেন, বিটিটিএফ শুধু পর্যটনকে উৎসাহিত করবে না, বরং দেশের অর্থনীতিতেও বড় অবদান রাখবে।