Print

সারাদিন

নুরের ওপর হামলার তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন

প্রকাশিত: ৮:৫৮ পূর্বাহ্, সেপ্টেম্বর ৩, ২০২৫

সারাদিন ডেস্ক

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা তদন্তে এক সদস্য বিশিষ্ট বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। বিচারপতি আলী রেজা থাকবেন এ কমিটির প্রধান। আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার গেটে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নুরের স্ত্রী মারিয়া আক্তার এবং সহযোদ্ধা দুই নেতার সঙ্গে কথা বলেছেন। এসময় নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দেন এবং হামলার ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করেন।

প্রেস সচিব আরও জানান, সাক্ষাৎকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল অবহিত করেছেন যে, বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। আগামীকালের মধ্যে এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে এবং কমিটিকে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয় ঘিরে সংঘর্ষ ও লাঠিচার্জে গুরুতর আহত হন নুরুল হক নুর ও তার কয়েকজন সহকর্মী। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।