প্রকাশিত: ৯:১১ পূর্বাহ্, সেপ্টেম্বর ৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
স্টার্ট-আপ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ সুবিধার আওতায় উদ্যোক্তারা সর্বোচ্চ ৪ শতাংশ সুদ বা মুনাফায় ঋণ নিতে পারবেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ১৬টি তফসিলি ব্যাংক ও ৪টি ফাইন্যান্স কোম্পানির সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর হয়। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর নূরুন নাহার, নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এবং ভার্চুয়ালি যুক্ত হন গভর্নর ড. আহসান এইচ মনসুর।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির পক্ষে তাদের ব্যবস্থাপনা পরিচালকরা স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এসব প্রতিষ্ঠানের এসএমই বিভাগের প্রধানরাও।
সার্কুলার অনুযায়ী, উদ্যোক্তারা এখন থেকে ২ কোটি থেকে সর্বোচ্চ ৮ কোটি টাকা পর্যন্ত মেয়াদী ও চলতি মূলধন ঋণ নিতে পারবেন। একইসঙ্গে ৫২টি অংশীদার ব্যাংকের সমন্বয়ে একটি ইক্যুইটি বিনিয়োগ কোম্পানি গঠনের প্রস্তাবও আলোচনায় আসে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে স্টার্ট-আপ খাত কর্মসংস্থান সৃষ্টি, উদ্ভাবনী ব্যবসা গড়ে তোলা এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন এ সার্কুলারের ফলে উদ্যোক্তাদের অর্থায়ন প্রাপ্তি সহজ হবে এবং খাতটির টেকসই বিকাশে সহায়ক হবে।