প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্, সেপ্টেম্বর ৩, ২০২৫
সারাদিন ডেস্ক
ডিপজিটরি (ব্যবহারিক) প্রবিধানমালা, ২০০৩ এর তফসিল-৪ অনুযায়ী সেবার ফি হার সংশোধন প্রস্তাব চূড়ান্তভাবে অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বার্ষিক ডিপজিটরি (বিও) হিসাব রক্ষণাবেক্ষণ ফি ৪৫০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৭১তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে কমিশন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশোধনী প্রস্তাব জনমত ও সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। সরকারি গেজেটে প্রকাশের মাধ্যমে এটি কার্যকর হবে।
চূড়ান্ত সংশোধনী অনুযায়ী, নির্ধারিত ১৫০ টাকা ফি ডিপজিটরি, ডিপজিটরি পার্টিসিপেন্টস (DP) ও বিএসইসির মধ্যে সমভাবে ভাগ হবে। অর্থাৎ প্রত্যেকে ৫০ টাকা করে পাবে।
বিএসইসি জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। পূর্ববর্তী অর্থবছরে বিদ্যমান বিধান অনুযায়ী ৪৫০ টাকা হারে ফি প্রযোজ্য থাকবে। এছাড়া, ২০২৫-২৬ অর্থবছরের অগ্রিম বিও হিসাব রক্ষণাবেক্ষণ ফি পরিশোধের সময়সীমা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
অন্যদিকে একই সভায়, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী দেশি-বিদেশি বৃহৎ কোম্পানিগুলোকে পুঁজিবাজারে অন্তর্ভুক্তির বিষয়ে বিশদ পর্যালোচনা করার সিদ্ধান্তও নেয় কমিশন।