Print

সারাদিন

সংঘর্ষে শ্রমিক নিহতের ঘটনায় উত্তরা ইপিজেডে কার্যক্রম বন্ধ

প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্, সেপ্টেম্বর ৩, ২০২৫

রংপুর সংবাদদাতা:

নীলফামারীর উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোনের (ইপিজেড) সব কারখানার কার্যক্রম বুধবার (৩ সেপ্টেম্বর) বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিক আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে একজন শ্রমিক নিহত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বাপজা) নির্বাহী পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার কারখানাগুলো খোলা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

ইপিজেডের এভারগ্রিন নামের এক কোম্পানিতে ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে দুই দিন ধরে আন্দোলন করে আসছিলেন শ্রমিকরা। সোমবার রাতে হঠাৎ কোম্পানি বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকরা ওই নোটিশ দেখে মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন। সকাল ৯টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাধে।

এ ঘটনায় ২১ বছর বয়সী শ্রমিক হাবিব নিহত হন। তিনি ইকু প্লাস্টিক ফ্যাক্টরির কর্মী ছিলেন। আহত আরও কয়েকজন শ্রমিক নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, নিহত শ্রমিকের লাশ অনুমতি ছাড়াই পরিবার বাড়িতে নিয়ে গেছে। এখনও কোনো মামলা হয়নি। তবে দাফনের প্রস্তুতি চলছে।

Nagad
Nagad