প্রকাশিত: ৩:৪২ অপরাহন, সেপ্টেম্বর ৩, ২০২৫
জ্যেষ্ঠ প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ৪ হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন আইজিপি।
আইজিপি বলেন, ৪ হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে অর্ধেক পদোন্নতির মাধ্যমে এবং বাকি অর্ধেক সরাসরি নিয়োগের মাধ্যমে হবে। বিধিতে কিছু সংশোধনের প্রয়োজন ছিল, সেগুলো করা হচ্ছে। এতে নিয়োগের পথ সুগম হলো।
তিনি আরও বলেন, এই নিয়োগ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবেই নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে বিভিন্ন বাহিনীতে নতুন নিয়োগের বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছেন। সেগুলোই আমরা বাস্তবায়ন করছি।
এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেন, পুলিশের বড় ধরনের নিয়োগ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় বিধি সংশোধন করা হচ্ছে। আমরা আজই অর্ডার দিতে পারলে এএসআইসহ অন্যান্য পদে নিয়োগ কার্যক্রম দ্রুত হবে।
তিনি আরও যোগ করেন, অর্থ মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে নতুন পদ সৃজন করা হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই যেন পুলিশ বাহিনী প্রস্তুত হতে পারে, সেজন্য নিয়োগ ও প্রশিক্ষণ কার্যক্রম গতিশীল করা হয়েছে।