প্রকাশিত: ৯:০৬ অপরাহন, সেপ্টেম্বর ৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
গণতন্ত্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ তুলে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর বংশালের বাসিন্দা হোসাইন মোহাম্মদ আনোয়ার প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত এই আবেদন করেন। পরে সাংবাদিকদের তিনি বিষয়টি নিশ্চিত করেন।
আবেদনে বলা হয়, জনগণের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ ও একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং মুক্ত নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। কিন্তু জাতীয় পার্টি প্রতিষ্ঠালগ্ন থেকেই গণতন্ত্রবিরোধী কার্যকলাপ, সামরিক শাসনের উত্তরাধিকার বহন, দুর্নীতি ও প্রশাসনিক অপব্যবহার এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থেকে রাজনৈতিক প্রক্রিয়াকে কলুষিত করেছে।
এতে আরও অভিযোগ করা হয়, দলটি বারবার নির্বাচনকে প্রহসনে পরিণত করার ইতিহাসে জড়িত ছিল। জাতীয় স্বার্থে ও গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষার্থে এ ধরনের রাজনৈতিক দলকে বৈধতা দেওয়া জনস্বার্থবিরোধী।
আবেদনে উল্লেখ করা হয়, গত ১৭ বছরের দুঃশাসনের কারণে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ দেশ ছাড়তে বাধ্য হয়। পরবর্তীতে ছাত্র আন্দোলনের মুখে বর্তমান সরকার আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। তবে জাতীয় পার্টি সবসময় আওয়ামী লীগের কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছে বলে অভিযোগ করা হয়।
আবেদনকারী নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানান, রাজনৈতিক অঙ্গনকে সুষ্ঠু ও কলুষমুক্ত রাখতে এবং সংবিধানের আলোকে জাতীয় পার্টিকে রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিষিদ্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে।