প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্, সেপ্টেম্বর ৪, ২০২৫
সারাদিন ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাহ মাখদুম হল শাখা ছাত্রদলের সহসভাপতি আনিসুর রহমান মিলনকে দলের প্রাথমিক সদস্য পদসহ হল সহসভাপতির পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। অভিযোগ ছিল, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ৯১ জন ছাত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুনে ‘জুলাই ৩৬’ হলের প্রভোস্ট ৯১ জন শিক্ষার্থীকে অযাচিতভাবে তলব করলে তা নিয়ে ছাত্রদলের সহ-সভাপতি জান্নাতুল নাঈমা তুহিনা প্রতিবাদ করেন। এ প্রেক্ষিতে আনিসুর রহমান মিলন কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।
গঠিত তদন্ত কমিটি তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার পরও সন্তোষজনক জবাব না পাওয়ায় প্রমাণিত হয় যে, উক্ত মন্তব্য ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল। ফলস্বরূপ, তাকে দলের সকল পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে এবং দলের সকল নেতা-কর্মীদের সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানানো হয়েছে, যথাযথ আইন ও শৃঙ্খলা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে।
উল্লেখ্য, ১ সেপ্টেম্বর হলে নির্ধারিত সময়ের পরে প্রবেশ করায় ৯১ জন ছাত্রীকে প্রকাশ্যে নোটিশ দেওয়া হয়েছিল, যা সমালোচনার পর ২ সেপ্টেম্বর প্রত্যাহার করা হয়। এরপর মিলনের কটূক্তিমূলক মন্তব্যের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি বিতর্কের জন্ম দেয়।