প্রকাশিত: ৪:৪৩ অপরাহন, সেপ্টেম্বর ৪, ২০২৫
সারাদিন ডেস্ক
গোপনে বিয়ে, পরে হঠাৎ প্রকাশ—আবারও ব্যক্তিগত জীবনের খবরে আলোচনায় গায়িকা মোনালি ঠাকুর। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সুইজারল্যান্ডের রেস্তোরাঁ ব্যবসায়ী স্বামী মাইক রিচটেরের সঙ্গে তার দাম্পত্য ভাঙনের পথে।
২০১৭ সালে মুম্বাইয়ে গোপনে বিয়ে করেছিলেন মোনালি ও মাইক। দীর্ঘদিন গোপন রাখার পর ২০২০ সালে করোনাকালে প্রথমবার প্রকাশ্যে আনেন এ সুখবর। মোনালি জানিয়েছিলেন, এক ভ্রমণে মাইকের সঙ্গে তার পরিচয় হয়, সেখান থেকেই শুরু প্রেম, পরে পরিণয়। তবে সেই সংসারের সুখের যাত্রা দীর্ঘ হলো না।
সম্প্রতি মোনালি ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো করেছেন, সরিয়ে দিয়েছেন একসঙ্গে থাকা ছবিগুলোও। একইভাবে মাইকও তাকে আনফলো করে নিজের অ্যাকাউন্ট প্রাইভেট করেছেন। ফলে বিচ্ছেদের জল্পনা আরও জোরদার হয়েছে।
এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, লং ডিসট্যান্স বিয়ের কারণে ধীরে ধীরে সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। গত কয়েক বছরে তাদের সম্পর্কের অনেক পরিবর্তন এসেছে। দম্পতি হিসেবে এখন আর কেউ তাদের নিয়ে আলোচনা করে না। তাই আলাদা হওয়ার সম্ভাবনাই প্রবল।
তবে এখনও আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেননি মোনালি বা মাইক কেউই। যদিও গত বছর মোনালির মায়ের মৃত্যুর আগেই তাদের সম্পর্কে টানাপোড়েন প্রকাশ পেতে শুরু করে। সে সময়ই মোনালি বেশ কিছু ছবি মুছে দেন, যা ভক্তদের মনে প্রশ্ন জাগায়।
২০১৭ সালের গোপন বিয়ে আর টিকল না, ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে সেই দাম্পত্য ভাঙনের খবর। এখন ভক্তরা অপেক্ষায় আছেন, কবে এ নিয়ে আনুষ্ঠানিক মুখ খুলবেন গায়িকা মোনালি ঠাকুর।