Print

সারাদিন

আইসিটি আইনে সংশোধনী: অভিযুক্তদের নির্বাচনী ও সরকারি পদে অযোগ্য ঘোষণা

প্রকাশিত: ৭:৫০ অপরাহন, সেপ্টেম্বর ৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইনে সংশোধনী এনেছে সরকার। এর ফলে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সংশোধনী আনা হয়।

পরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অধ্যাদেশের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৭৩-এ নতুন সেকশন ২০ (সি) যুক্ত করা হয়েছে।

তিনি জানান, নতুন সংযোজিত ধারায় বলা হয়েছে-কোনো ব্যক্তির বিরুদ্ধে ওই আইনের সেকশন ৯ (১) এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবেও নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন।

এমনকি প্রজাতন্ত্রের চাকরি কিংবা অন্য কোনো পাবলিক অফিসে নিয়োগ পাওয়ারও অযোগ্য বলে গণ্য হবেন তিনি।

Nagad
Nagad