প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্, সেপ্টেম্বর ৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
ডলারের বাজার নিয়ন্ত্রণে রাখতে তিন অর্থবছর ধরে রিজার্ভ থেকে বিপুল পরিমাণ ডলার বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক। তবে ২০২৫-২৬ অর্থবছরে নীতি বদলে এবার বাজার থেকেই ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক।
চলতি অর্থবছরে এখন পর্যন্ত সাত দফায় বাংলাদেশ ব্যাংক ৮১ কোটি ডলারের বেশি কিনেছে। এর মধ্যে সর্বশেষ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পাঁচ বাণিজ্যিক ব্যাংক থেকে ১৩ কোটি ৪০ লাখ ডলার কেনা হয়েছে। এর আগে গত মঙ্গলবার ৮ ব্যাংক থেকে কেনা হয় ৪ কোটি ৭৫ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বর্তমানে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেশি। তাই ডলার বিক্রি না করে কিনছে কেন্দ্রীয় ব্যাংক। ভবিষ্যতেও এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
আজকের কেনাকাটা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ (এফএক্স) নিলাম কমিটির মাধ্যমে মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে। প্রতি ডলারের বিনিময় হার ধরা হয় ১২১ টাকা ৭৫ পয়সা।
অতীতের পাঁচ দফায়ও ব্যাংকগুলো থেকে ডলার কেনা হয়েছে—এর মধ্যে ১৩ জুলাই ১৮ ব্যাংক থেকে ১৭ কোটি ১০ লাখ ডলার, ১৫ জুলাই ৩১ কোটি ৩০ লাখ ডলার, ২৩ জুলাই এক কোটি ডলার, ৭ আগস্ট ৪ কোটি ৫০ লাখ ডলার এবং ১০ আগস্ট মোট ৮ কোটি ৩০ লাখ ডলার কেনা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ডলারের দাম অস্বাভাবিকভাবে ওঠানামা করলে তা অর্থনীতির জন্য ক্ষতিকর। বর্তমানে দেশে খাদ্যের পর্যাপ্ত মজুত আছে এবং বৈদেশিক দায় পরিশোধ সঠিকভাবে হচ্ছে। ফলে নিকট ভবিষ্যতে ডলারের অতিরিক্ত চাহিদা তৈরি হবে না।
তাদের মতে, বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপ রিজার্ভকে শক্তিশালী করবে। পাশাপাশি জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে বিনিয়োগ বাড়বে, তখন ডলারের চাহিদাও বাড়তে পারে।