Print

সারাদিন

ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন, সমর্থন দিলেন বাকেরকে

প্রকাশিত: ১:০৫ অপরাহন, সেপ্টেম্বর ৫, ২০২৫

সারাদিন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্যানেলের প্রার্থী মাহিন সরকার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি এ পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) প্যানেলের প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহিন এই ঘোষণা দেন। এ সময় আবু বাকের মজুমদারও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মাহিন সরকার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সর্বত্র গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে ঐক্য দরকার। ডাকসু নির্বাচনে যদি এই শক্তির নেতৃত্ব উঠে আসে, তবে তারা শিক্ষার্থীদের স্বার্থে আরও বেশি দায়বদ্ধ হবে। যারা আগে শিক্ষার্থীদের জন্য সংগ্রাম করেছেন, তারাই তাদের প্রয়োজন ভালোভাবে বুঝবেন।

তিনি আরও বলেন, আবু বাকের মজুমদার জিএস পদে নির্বাচিত হলে সেটাই আমার বিজয় হিসেবে ধরা হবে। তাই আমি আমার সমর্থন তার প্রতি ঘোষণা করছি এবং সাধারণ শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আবু বাকেরকে ভোট দেওয়ার জন্য।