Print

সারাদিন

নুরের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিশন গঠন, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত: ৩:১৪ অপরাহন, সেপ্টেম্বর ৫, ২০২৫

সারাদিন ডেস্ক

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিশন গঠন করেছে সরকার। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

তিন সদস্যের কমিশনের সভাপতি করা হয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আলী রেজাকে। সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য এক মাস বা ৩০ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশন ২৯ আগস্ট কাকরাইলে নুরের ওপর হামলার জন্য দায়ীদের চিহ্নিত করবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সুপারিশ করবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়েও সুপারিশ দেবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিশনকে সাচিবিক সহায়তা দেবে এবং প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করবে। কমিশনের কাজে সহায়তার জন্য প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত যে কাউকে দায়িত্ব দেওয়া যাবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২৯ আগস্ট সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হামলায় গুরুতর আহত হন নুরুল হক নুর। তার মাথায় আঘাত ও নাকের হাড় ভেঙে যায়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Nagad
Nagad