প্রকাশিত: ৭:৩১ অপরাহন, সেপ্টেম্বর ৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকারের মেয়াদে সাড়ে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমানে সরকারি হাসপাতালে ১০ হাজার চিকিৎসক ও ১২ হাজার নার্সের সংকট রয়েছে। এ ঘাটতি পূরণে ধাপে ধাপে নিয়োগ কার্যক্রম চলবে।
স্বাস্থ্য উপদেষ্টা আরও জানান, দেশের যেসব মেডিকেল কলেজ সরকার নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হবে না, সেসব কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি ডাক্তারদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় নূরজাহান বেগম জানান, ভবিষ্যতে প্রয়োজনীয় ৩০০ ওষুধের দাম সরকার নির্ধারণ করবে। পাশাপাশি ডিপ্লোমা নার্সদের দক্ষতা বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, ডিপ্লোমা নার্সদের জাপানে পাঠানোর ব্যবস্থা করবে সরকার, যা চট্টগ্রাম থেকেই শুরু হবে।