প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্, সেপ্টেম্বর ৬, ২০২৫
সারাদিন ডেস্ক
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় সাড়ে ৩ হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সংঘটিত এ ঘটনায় রাতেই গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি মো. রাকিবুল ইসলাম।
তিনি জানান, ঘটনায় পুলিশের ১০ থেকে ১২ জন সদস্য আহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতা পুলিশের দুটি গাড়িও ভাঙচুর করেছে। মামলার আসামিদের ধরতে অভিযান চলছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, নুরাল পাগলার দরবার শরীফে হামলার সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।
এদিকে, ঘটনার পর বর্তমানে গোয়ালন্দে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দরবার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ধ্বংসস্তূপ দেখতে ঘটনাস্থলে ভিড় করছেন স্থানীয় মানুষ।
উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর দরবারে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। নুরাল পাগলের ভক্তদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হন। হামলাকারীরা কবর থেকে মরদেহ উত্তোলন করে পুড়িয়ে দেয়।