প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্, সেপ্টেম্বর ৭, ২০২৫
সারাদিন ডেস্ক
পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা-কর্মচারীরা চার দফা দাবিতে রোববার (৭ সেপ্টেম্বর) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের গণছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এতে দেশে বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সহ-দপ্তর সম্পাদক অঞ্জু রানী মালাকার।
তিনি জানান, সংস্কার বাস্তবায়ন, চাকরিতে বৈষম্য দূরীকরণ এবং হয়রানিমূলক পদক্ষেপ বন্ধের দাবি দীর্ঘদিন ধরেই জানানো হচ্ছে। একাধিকবার কমিটি গঠন ও আশ্বাস দেওয়া হলেও বিদ্যুৎ মন্ত্রণালয় কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বরং আন্দোলনে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে চাকরিচ্যুতি, বদলি ও বরখাস্তসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বরখাস্তকৃত কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্ত আদেশ বাতিল করতে হবে। একইসঙ্গে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নিতে হবে।