প্রকাশিত: ৯:৪৭ পূর্বাহ্, সেপ্টেম্বর ৭, ২০২৫
সারাদিন ডেস্ক
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৭০০টি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। অর্থাৎ এসব পরিবারের একজন সদস্যও জীবিত নেই।
শনিবার (৬ সেপ্টেম্বর) গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে এ তথ্য জানায়।
টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ হাজার ৮০০ কোটি ডলার। ধ্বংস হয়েছে ৩৮টি হাসপাতাল, ৮৩৩টি মসজিদ ও দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান।
এদিকে, আল জাজিরার খবরে বলা হয়, সর্বশেষ ইসরায়েলি হামলায় আরও ৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৪৫ জন গাজা শহরে প্রাণ হারিয়েছেন। শহরটি দখল এবং বাসিন্দাদের দক্ষিণে সরিয়ে দেওয়ার জন্য অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা।
২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের হামলায় অন্তত ৬৪ হাজার ৩৬৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক লাখ ৬২ হাজার ৩৬৭ জন। নিহতদের মধ্যে ২০ হাজারের বেশি শিশু রয়েছে।
এ ছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুর্ভিক্ষে এখন পর্যন্ত ৩৮২ ফিলিস্তিনি মারা গেছেন। এর মধ্যে ১৩৫ জন শিশু। সূত্র: আল জাজিরা, আনাদুলো এজেন্সি