প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্, সেপ্টেম্বর ৭, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
লেখক, গবেষক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ বদরুদ্দীন মোহাম্মদ উমর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
দীর্ঘদিন বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকাল ১০টা ৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম।
১৯৩১ সালের ২০ ডিসেম্বর ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন বদরুদ্দীন উমর। তার বাবা আবুল হাশিম ছিলেন ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত মুসলিম জাতীয়তাবাদী রাজনীতিবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন বদরুদ্দীন উমর। পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন।
তিনি বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী ছিলেন। এছাড়া পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০০৩ সালে বদরুদ্দীন উমর জাতীয় মুক্তি কাউন্সিল গঠন করে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। এ বছর (২০২৫) তিনি স্বাধীনতা পুরস্কারে ভূষিত হলেও তা গ্রহণে অস্বীকৃতি জানান।