Print

সারাদিন

কোনো দল নয়, জনগণের আশা পূরণে কাজ করুন: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ২:১৯ অপরাহন, সেপ্টেম্বর ৭, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

আগামী নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের রাজনৈতিক দলের নেতাদের তোষামোদ না করার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক কোনো দলের বিশেষ সুবিধা নেবেন না, নিজেকে রাজনৈতিক কর্মীও ভাববেন না। মনে রাখবেন, পেশিশক্তি কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। আপনাদের সব কাজ জনস্বার্থ ও আইন দ্বারা পরিচালিত হয়। রাজনৈতিক দল থেকে দূরে থাকবেন।

তিনি আরও বলেন, আমি বারবার বলছি—এখন যদি তেল দেওয়া শুরু করেন, তবে নির্বাচনের পর সেই তেল শেষ হয়ে যাবে। তাই তেল রিজার্ভ করে রাখুন, পরে কাজে লাগাতে পারবেন। কোনো দলের দিকে যাবেন না, বরং জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করবেন।

এ সময় তিনি আরও বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন প্রক্রিয়া পুলিশকে ভুলে যেতে হবে। আশা করি আসন্ন জাতীয় নির্বাচন শান্তি ও উৎসব মুখর হবে। পুলিশকে অতীতের বাজে নির্বাচনগুলোর কথা মাথা থেকে ফেলে দিতে হবে।

Nagad
Nagad