প্রকাশিত: ৪:১৪ অপরাহন, সেপ্টেম্বর ৭, ২০২৫
সারাদিন ডেস্ক
আগামী জাতীয় সংসদ নির্বাচন পুলিশের জন্য ঐতিহাসিক এক পরীক্ষা হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
রোববার (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, এই মুহূর্তে আমাদের গুরুত্বপূর্ণ কাজ হলো জাতীয় নির্বাচন। এটি কেবল ক্ষমতার পালাবদল নয়, গণতন্ত্রের শেকড়কে আরও মহিমান্বিত করার এক সুযোগ। আমাদের প্রায় দেড় লাখ পুলিশ সদস্য নির্বাচনের সময় মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন। তাদের প্রত্যেকের কার্যক্রম জাতীয় ও আন্তর্জাতিকভাবে মনিটরিং করা হবে। তাই প্রশিক্ষণ ও প্রস্তুতির মাধ্যমে সবাইকে দক্ষ ও সুশৃঙ্খল হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, আমরা যদি সততা, দক্ষতা ও নিরপেক্ষতার মাধ্যমে দায়িত্ব পালন করি তবে পুলিশের ভাবমূর্তি পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হবে। একইসঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও প্রমাণ করা যাবে, বাংলাদেশ পুলিশ একটি আধুনিক, গণতন্ত্রবান্ধব ও কার্যকর বাহিনী।
আইজিপি বাহারুল আলম বলেন, শুধু আইন শেখানোই নয়, এই প্রশিক্ষণের মাধ্যমে শিখতে হবে কীভাবে চাপের মধ্যেও নিরপেক্ষ থাকা যায়, কীভাবে সংঘাতের পরিবর্তে সমাধানকে অগ্রাধিকার দেওয়া যায়, কীভাবে মানুষের আস্থা অর্জন করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যায়।
তিনি প্রত্যেক পুলিশ সদস্যকে আহ্বান জানিয়ে বলেন, মাঠে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ ধৈর্য, বিচক্ষণতা ও আত্মসংযম প্রদর্শন করতে হবে এবং প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্যও প্রস্তুত থাকতে হবে।
আমরা চাই, দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হোক। এই লক্ষ্যে দক্ষতা, নিরপেক্ষতা ও আত্মত্যাগ দিয়ে জনগণের আস্থা অর্জন করবে বাংলাদেশ পুলিশ,—যোগ করেন আইজিপি।