প্রকাশিত: ৪:৪০ অপরাহন, সেপ্টেম্বর ৭, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে এখন পর্যন্ত ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ফেব্রুয়ারিতে নির্ধারিত ভোট নিয়ে অনিশ্চয়তা আছে কি না-এমন প্রশ্নে ইসি আনোয়ারুল ইসলাম বলেন,-কোনো অনিশ্চয়তা নেই। নির্বাচন নিয়ে কমিশনের কাছে প্রতিকূল পরিস্থিতির কোনো তথ্য আসেনি।
রাজনৈতিক দল নিবন্ধন প্রসঙ্গে তিনি জানান, প্রায় সব রিপোর্ট কমিশনের হাতে এসেছে। এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। তবে নিবন্ধন প্রক্রিয়ার শেষ ধাপে দলগুলোর নাম নিয়ে আপত্তি জানানোর সুযোগ থাকবে। এক মাসের মধ্যে সবকিছু চূড়ান্ত হবে বলেও জানান তিনি।
সংবিধান ও বিদ্যমান আইন নিয়ে বিভ্রান্তি প্রসঙ্গে এই নির্বাচন কমিশনার বলেন, প্রস্তাবিত আরপিও সংশোধনী আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পরই চূড়ান্ত হয়েছে। অন্য কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকলে তা সমন্বয় করা হবে।
এ ছাড়া সংসদীয় সীমানা পরিবর্তন প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আইনগতভাবে সংসদীয় সীমানা পরিবর্তনের আর সুযোগ নেই। নির্বাচন কমিশন প্রকাশিত সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত তালিকা নিয়ে আইন অনুযায়ী কোনো আদালত বা কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই। তাই বিক্ষোভ-আন্দোলন করেও কোনো লাভ হবে না।