Print

সারাদিন

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.২৯ শতাংশ, ৩ বছরের মধ্যে সর্বনিম্ন

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৫

সারাদিন ডেস্ক

চলতি বছরের আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এ মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশে, যা গত জুলাইয়ে ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ।

রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানায়।

তথ্যানুসারে, ২০২২ সালের আগস্টে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৫২, ২০২৩ সালের আগস্টে ৯ দশমিক ৯২ এবং ২০২৪ সালের আগস্টে ১০ দশমিক ৪৯ শতাংশ।

তবে আগস্টে খাদ্যখাতে মূল্যস্ফীতি সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৬০ শতাংশে, যা জুলাইয়ে ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি কমে হয়েছে ৮ দশমিক ৯০ শতাংশ; জুলাইয়ে এ হার ছিল ৯ দশমিক ৩৮ শতাংশ।

বিবিএস জানায়, ২০২৪ সালের আগস্টে খাদ্যমূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৩৬ এবং খাদ্যবহির্ভূত খাতে ৯ দশমিক ৭৪ শতাংশ।

এদিকে স্বল্প আয়ের দক্ষ ও অদক্ষ শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার আগস্টে সামান্য কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ১৫ শতাংশে। ফলে টানা ৪৩ মাস ধরে মজুরি বৃদ্ধি মূল্যস্ফীতির চেয়ে পিছিয়ে রইল। বিশেষজ্ঞদের মতে, এ অবস্থায় নিম্ন আয়ের পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় সংকট আরও তীব্র হচ্ছে এবং তাদের ক্রয়ক্ষমতা হ্রাস পাচ্ছে।

Nagad
Nagad