Print

সারাদিন

দেশে থাকলে ভিক্ষা করতে হতো : আহমেদ শরীফের ক্ষোভ

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ঢালিউডের খ্যাতিমান অভিনেতা আহমেদ শরীফ জানিয়েছেন, কাজের অভাবের কারণে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তার মতে, যদি তিনি বাংলাদেশেই থেকে যেতেন, তবে তাকে ভিক্ষা করে জীবনযাপন করতে হতো।

রোববার (৭ সেপ্টেম্বর) এফডিসিতে প্রয়াত শিল্পীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আহমেদ শরীফ বলেন, চলচ্চিত্রে এখন কাজ নেই, নির্মাণ কমে গেছে, হল বন্ধ হয়ে যাচ্ছে। শিল্পীরা ঠিকমতো দুবেলা খেতেও পারছেন না। আমি যদি দেশে থাকতাম, তবে হয়তো লোকজনের কাছে হাত পেতে টাকা চাইতে হতো, বলতে হতো—বাড়িতে খাবার নেই।

বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রবাসী এ অভিনেতা মাঝে মাঝে দেশে আসেন। কুষ্টিয়ায় নিজ অর্থায়নে একটি মসজিদও নির্মাণ করেছেন তিনি। তবে দেশে শিল্পীদের নিশ্চিন্ত জীবনের অভাবের কথাই তুলে ধরলেন সাবেক এই খলনায়ক।

তিনি আরও বলেন, ‘আজ অনেক শিল্পী বাধ্য হয়ে বিদেশে চলে যাচ্ছেন। শুধু সিনেমা নয়, টেলিভিশনেরও অনেক শিল্পী চলে যাচ্ছেন। দেশে আনন্দ-বিনোদন কিংবা নিশ্চিন্ত থাকার সুযোগ নেই।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে আহমেদ শরীফ বলেন, ভবিষ্যতে দেশে এলে তিনি শিল্পীদের জন্য একটি নিশ্চিন্ত জীবনের ব্যবস্থা করার দাবি জানাবেন।

Nagad
Nagad

আহমেদ শরীফ তার ক্যারিয়ারে আট শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। খলনায়ক চরিত্রে তিনি বিশেষ খ্যাতি পান। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে— চাওয়া থেকে পাওয়া, আঞ্জুমান, বাংলার নায়ক, দেনমোহর, কেয়ামত থেকে কেয়ামত, ক্ষতিপূরণ, গোলমাল এবং তিন কন্যা।