প্রকাশিত: ৭:১৬ অপরাহন, সেপ্টেম্বর ৭, ২০২৫
সারাদিন ডেস্ক
লোহিত সাগরে একাধিক সাবমেরিন ফাইবার কেবল কেটে যাওয়ার কারণে এশিয়া ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ইন্টারনেট সেবায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে। এটি নিশ্চিত করেছে ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লকস। খবরটি প্রকাশ করেছে আল জাজিরা ও আল আরাবিয়া ইংলিশ।
প্রতিবেদন সূত্রে জানা যায়নি যে, এই ঘটনার কারণে বাংলাদেশের ইন্টারনেট সংযোগে কোনো প্রভাব পড়বে কি না। তবে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট জানিয়েছে, তাদের ক্লাউড সেবা অ্যাজুর ব্যবহারকারীরা বাড়তি লেটেন্সি বা ধীরগতির সমস্যার মুখোমুখি হতে পারেন।
ক্ষতিগ্রস্ত কেবলের মধ্যে রয়েছে এসএমডব্লিউ-৪ এবং আইএমইডব্লিউ কেবল সিস্টেম। এসএমডব্লিউ-৪ পরিচালনা করে ভারতের টাটা কমিউনিকেশনস, আর আইএমইডব্লিউ কেবল পরিচালনা হয় আলকাটেল-লুসেন্টের নেতৃত্বাধীন এক কনসোর্টিয়ামের মাধ্যমে। পাকিস্তান টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড নিশ্চিত করেছে, রেড সাগরে কেবল কেটে যাওয়ার ঘটনা ঘটেছে।
বিশেষজ্ঞরা বলছেন, সাবমেরিন কেবল জাহাজ থেকে নোঙর ফেলার সময় দুর্ঘটনাজনিতভাবে কেটে যেতে পারে, আবার সচেতনভাবে হামলার শিকারও হতে পারে। মেরামত করতে দীর্ঘ সময় লাগে, কারণ ক্ষতিগ্রস্ত স্থানে বিশেষ জাহাজ ও প্রযুক্তিবিদ পাঠিয়ে কাজ করতে হয়।
বিশ্বব্যাপী ইন্টারনেটের ৯৫ শতাংশের বেশি ডেটা এসব উচ্চ ক্ষমতাসম্পন্ন ফাইবার-অপটিক কেবলের মাধ্যমে পরিবাহিত হয়। ফলে একাধিক কেবল ক্ষতিগ্রস্ত হলে আন্তর্জাতিক যোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থায় বড় প্রভাব পড়তে পারে।