প্রকাশিত: ১১:৪৮ অপরাহন, সেপ্টেম্বর ৭, ২০২৫
সারাদিন ডেস্ক
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা জামায়াতের আমির মো. সিরাজুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষ ইস্যুতে বিতর্কিত মন্তব্য করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের প্রচার সম্পাদক অধ্যাপক ফজলুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিরাজুল ইসলাম এক সভায় বলেন-‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে— এটা আমরা মেনে নেবো না।’ তার এ বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হলে সংগঠন মনে করে, এটি ব্যক্তিগত মতামত হলেও তা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জেলা জামায়াত জানায়, সংগঠনের ভাবমূর্তি রক্ষায় জরুরি কর্মপরিষদ বৈঠকে তাকে হাটহাজারী উপজেলা আমিরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন উত্তর জেলা জামায়াতের আমির আলা উদ্দিন সিকদার।
এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও সিরাজুল ইসলামের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করে। উল্লেখ্য, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ছিলেন।