Print

সারাদিন

নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্, সেপ্টেম্বর ৮, ২০২৫

সারাদিন ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে অযথা শঙ্কা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তবে বাংলাদেশের জনগণ সেই বিভ্রান্তিকে সমর্থন করবে না। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁও বিএনপি তার জন্য ব্যক্তিগতভাবে একটি ইমোশনাল বিষয়। বিএনপি প্রতিষ্ঠার পর সংগঠনটি ভালো অবস্থায় থাকলেও পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে এখন আবার সংগঠনটি তরুণ ও প্রবীণ নেতাদের নিয়ে উজ্জীবিত হয়েছে।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনের কারণে সম্মেলন আয়োজন সম্ভব হয়নি। আমাদের নেতাকর্মীদের ওপর অত্যাচার করা হয়েছে, জেলে পাঠানো হয়েছে। তারপরও সবকিছু অতিক্রম করে একটি সফল সম্মেলনের প্রস্তুতি নিয়েছে ঠাকুরগাঁও বিএনপি।

বিএনপি মহাসচিব জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন, যা ঠাকুরগাঁও বিএনপির জন্য আনন্দের বিষয় এবং নতুন দিগন্তের সূচনা করবে।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৭ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

Nagad
Nagad