প্রকাশিত: ৩:৩১ অপরাহন, সেপ্টেম্বর ৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করতেই এ নির্দেশনা জারি করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া অন্য কেউ বৈধ বা লাইসেন্সধারী অস্ত্র বহন করতে পারবে না। এ সময়ের মধ্যে অস্ত্র বহন করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার বন্ধের সময়সূচি
৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার সীমিত থাকবে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য, জরুরি সেবার যানবাহন, ক্যাম্পাসে অবস্থিত তিনটি বাণিজ্যিক ব্যাংক, বাংলা একাডেমি ও পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশ করতে পারবেন।
মেট্রোরেল স্টেশন বন্ধ
৮ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর পূর্ণ দিবস ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। তবে শিক্ষার্থীরা শাহবাগ ও সচিবালয় স্টেশন ব্যবহার করে ভোটকেন্দ্রে যেতে পারবেন।
ভোটার পরিচয়পত্র যাচাই
ভোটাররা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, হল পরিচয়পত্র (আবাসিক, দ্বৈতাবাসিক ও অনাবাসিক), গ্রন্থাগার কার্ড বা প্রথম বর্ষের ক্ষেত্রে পে-স্লিপ ব্যবহার করতে পারবেন। ভুয়া ভোটার শনাক্তে কিউআর কোড স্ক্যান করে বিশ্ববিদ্যালয় সার্ভার থেকে ‘Verified DUCSU Voter’ কনফার্মেশন প্রদর্শন করা হবে। এছাড়া হল পরিচয়পত্রে প্রভোস্টের স্বাক্ষর যাচাই করা হবে।
ডিএমপি জানায়, ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।