Print

সারাদিন

জাতীয় নির্বাচন ঘিরে প্রস্তুত সেনাবাহিনী, নির্দেশনার অপেক্ষা

প্রকাশিত: ৪:২২ অপরাহন, সেপ্টেম্বর ৮, ২০২৫

সারাদিন ডেস্ক

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনী নিজেদের প্রস্তুত রেখেছে। তবে এ বিষয়ে সরকার থেকে বার্তা পেলেও এখনো নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। শিগগিরই এ নির্দেশনা পাওয়া যাবে বলে আশা করছে সেনাসদর।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাসদরের মিলিটারি অপারেশন্সের পরিচালক কর্নেল মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে সেনাবাহিনী নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল বলেন, কমিশন থেকে আমরা অচিরেই নির্বাচনের নির্দেশনা পাব। সেই নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী মাঠে কাজ করবে। ইতিমধ্যে আমাদের নিজেদের প্রস্তুতি রয়েছে।

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো নানা তথ্য ও সেনাবাহিনীর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। এর আগেও আমরা আইএসপিআরের মাধ্যমে স্পষ্টভাবে বলেছি, ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পৃক্ততা নেই। তবুও কিছু স্বার্থন্বেষী মহল প্রোপাগান্ডা করার চেষ্টা করছে। কিন্তু এতে তারা খুব একটা সুবিধা করতে পারবে না।

এ সময় সেনাসদরের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সেনাবাহিনীর কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তা সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। এ প্রসঙ্গে কর্নেল শফিকুল বলেন, তাদের উদ্দেশ্য মানুষ জানে। এসব প্রোপাগান্ডা কেউ বিশ্বাস করে না। সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Nagad
Nagad