প্রকাশিত: ৫:১২ অপরাহন, সেপ্টেম্বর ৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান এবং জিএস প্রার্থী শেখ তানভীর বারীর ফেসবুক আইডিতে সাইবার হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে তাদের আইডি ডিজেবল হয়ে গেছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
ঢাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী জানান, ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের ফেসবুক আইডি বারবার সাইবার আক্রমণের শিকার হয়েছে। সকালেও একবার চেষ্টা চালানো হলেও তখন তা সফল হয়নি। পরে আবারও আক্রমণ চালিয়ে আইডি ডিজেবল করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেন, সকাল সাড়ে ১০টায় আবিদের আইডি ডিজেবল করা হয়। এরপর বেলা সাড়ে ১১টায় আমার আইডিও ডিজেবল করে দেওয়া হয়েছে। নির্বাচনে পরাজয়ের শঙ্কা থেকে জনপ্রিয় প্রার্থীদের টার্গেট করা হচ্ছে।
তিনি আরও বলেন, সাইবার অ্যাটাকের বিরুদ্ধে আগামীকাল শিক্ষার্থীরা ব্যালট অ্যাটাক দেবে।
এদিকে আইডি ডিজেবল নিয়ে ছাত্রদল সমর্থিত প্যানেল জরুরি সংবাদ সম্মেলন করেছে।