Print

সারাদিন

‘দেশে মণ্ডপগুলোতে শুধুমাত্র আনসার সদস্যই থাকবেন তিন লাখ’

প্রকাশিত: ৫:২১ অপরাহন, সেপ্টেম্বর ৮, ২০২৫

সারাদিন ডেস্ক

সারা দেশে এবার প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

জাহাঙ্গীর আলম বলেন, সারা দেশে মণ্ডপগুলোতে শুধুমাত্র আনসার সদস্যই থাকবেন তিন লাখ। এছাড়া পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দায়িত্ব পালন করবেন। প্রতিটি মণ্ডপে ২৪ ঘণ্টাই আনসার সদস্য নিয়োজিত থাকবে। পাশাপাশি মণ্ডপ কমিটির সদস্যদের মধ্য থেকে দিনে ৩ জন ও রাতে ৪ জন করে পুলিশ পাহারায় থাকবেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে তিনি এ তথ্য জানান।

তিনি আরও বলেন, সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। ঢাকায় একটি লাইন করে প্রতিমা বিসর্জন দিতে হবে, যাতে কার পরে কে বিসর্জন দেবে তা ধারাবাহিকভাবে নিশ্চিত থাকে। পূজা মণ্ডপ ঘিরে যে মেলা বসে সেখানে গাঁজা বা মদের আসর বসানো যাবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবারের পূজা আয়োজকরা কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করেননি। গতবার শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হয়েছিল, এবারও শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দুষ্কৃতিকারীরা সব জায়গায় সমস্যা তৈরির চেষ্টা করতে পারে। তবে এমন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Nagad
Nagad