প্রকাশিত: ৭:৫৫ অপরাহন, সেপ্টেম্বর ৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বিজিএমইএ-এর সাবেক সভাপতি এবং জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার আব্দুস সালাম মুর্শেদীর ২২ কোটি টাকার আয়কর ফাঁকি উদ্ঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট।
আয়কর ফাঁকি স্বীকার করে ইতোমধ্যে ৩ কোটি টাকা পরিশোধ করেছেন তিনি। বাকি টাকা পরিশোধ না করায় তার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কমিশনার মোহাম্মদ আবদুর রকিব।
জানা গেছে, এনবিআর-এর গোয়েন্দারা ব্যাংকের তথ্য এবং আয়কর সংক্রান্ত নথি যাচাই করে প্রায় ২২ কোটি টাকার আয়কর ফাঁকি উদ্ঘাটন করেন। ফাঁকি স্বীকার করে তিনি ৩ কোটি টাকা পরিশোধ করলেও বাকি ১৯ কোটি টাকা পরিশোধের অঙ্গীকার করেও তা পরিশোধ করেননি। এ কারণে তার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর একটি মামলায় সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করা হয় এবং সে থেকে তিনি কারাগারে আছেন।