Print

সারাদিন

নৌ মন্ত্রণালয়ের প্রকল্প থেকে ২ হাজার ৪৮০ কোটি টাকা সাশ্রয়: উপদেষ্টা

প্রকাশিত: ৮:৩১ অপরাহন, সেপ্টেম্বর ৮, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

গত এক বছরে যাচাই-বাছাইয়ের ফলে নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প থেকে ২ হাজার ৪৮০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, মোংলা বন্দরের সম্প্রসারণ প্রকল্প থেকে ২১৪ কোটি টাকা, বিআইডব্লিউটিএ’র মিঠামইন প্রকল্প থেকে ২৭০ কোটি টাকা, ৩৫ ড্রেজার প্রকল্প থেকে ১ হাজার ৩০০ কোটি টাকা, মেরিন একাডেমির সিমুলেটর প্রকল্প থেকে ১৩৩ কোটি টাকা এবং পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেল ড্রেজিং প্রকল্প থেকে ৫৬৩ কোটি টাকা সাশ্রয় হয়েছে।

উপদেষ্টা জানান, অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল ও যৌক্তিকতা নিরূপণের মাধ্যমে এ অর্থ ফেরত দেওয়া সম্ভব হয়েছে। তিনি বলেন, ‘কিছু প্রকল্প শুধু কিছু লোককে সুবিধা দেওয়ার জন্য নেওয়া হয়েছিল। মিঠামইন প্রকল্প ছিল নদীতে টাকা ফেলার মতো।’

সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও জানান, গত এক বছরে নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থায় রাজস্ব আয় বেড়েছে, স্থাপনা উচ্ছেদ করে জমি উদ্ধার হয়েছে এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু হয়েছে। এছাড়া ১ হাজার ৩৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

সাখাওয়াত হোসেন বলেন, ‘ষোলো আনার মধ্যে তো এক আনা হয়েছে। তবে আমাদের মন্ত্রণালয় বসে ছিল না, দিনরাত কাজ করেছে।’

Nagad
Nagad