প্রকাশিত: ৯:০০ অপরাহন, সেপ্টেম্বর ৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
চলতি ২০২৫ সালে ভারতের দুর্গাপূজা উপলক্ষে ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হবে দুর্গাপূজা। তার আগে ভারতের বাজারে পৌঁছাবে বাংলাদেশি ইলিশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবছরের মতো এবারও দুর্গাপূজায় ভারতে শর্তসাপেক্ষে ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হবে। এ জন্য আগামী ১১ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে আগ্রহী রপ্তানিকারকদের আবেদন জমা দিতে হবে।
আবেদনের সঙ্গে রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র ও মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে। সরকার প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য ১২.৫ মার্কিন ডলার নির্ধারণ করেছে।
প্রসঙ্গত, ২০১৯ সালে প্রথমবার ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেয় সরকার। এরপর থেকে প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে সীমিত পরিমাণ ইলিশ রপ্তানি করা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ থেকে ভারতে ৮০২ টন ইলিশ রপ্তানি হয়েছে, যা থেকে আয় হয়েছে প্রায় ৮০ লাখ ডলার।