Print

সারাদিন

নৈতিক দায়িত্ববোধ থেকে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

প্রকাশিত: ১০:৫৬ অপরাহন, সেপ্টেম্বর ৮, ২০২৫

সারাদিন ডেস্ক

নেপালে জেন জি প্রজন্মের সহিংস বিক্ষোভের জেরে পদত্যাগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। নেপালি গণমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, প্রধানমন্ত্রী বাসভবন বালুয়াটারে মন্ত্রিসভার জরুরি বৈঠক চলাকালে তিনি পদত্যাগপত্র জমা দেন।

এর আগে, সোমবার সারা দেশে চলমান সহিংসতায় শুধু কাঠমান্ডুতেই ১৭ জন, ইতাহারিতে দুইজন নিহত হন। এ ছাড়া আহত হয়েছেন ৪০০ জনের বেশি মানুষ। এই হতাহতের ঘটনার নৈতিক দায়িত্ব নিয়েই পদত্যাগ করেন লেখক।

দিনের শুরুতে নেপালি কংগ্রেসের বৈঠকে দলটির দুই মহাসচিব গগন থাপা ও বিশ্ব প্রকাশ শর্মা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন। এরপরই লেখক জানান, তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

গত বছরের ১৫ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন রমেশ লেখক।

সরকারি দুর্নীতি দমন, প্রশাসনে জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে নেপালের জেন জি প্রজন্মের তরুণ-তরুণীরা বিক্ষোভ শুরু করে। এই আন্দোলন দ্রুত সহিংস রূপ নেয় এবং রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন বড় শহরে ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, রাবার বুলেট ও টিয়ার গ্যাস ব্যবহার করে। পাশাপাশি কারফিউ জারি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

Nagad
Nagad

সোমবার সন্ধ্যা পর্যন্ত দেশজুড়ে অন্তত ২০ জনের প্রাণহানি এবং শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। সহিংসতার ঘটনায় শর্মা সরকারের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়ছে। সূত্র: কাঠমান্ডু পোস্ট