Print

সারাদিন

ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন করে গণতন্ত্রের দ্বার উন্মোচন হবে: আবিদ

প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৫

সারাদিন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ডাকসু নির্বাচনে ভোট দিয়ে আশা প্রকাশ করেছেন ভিপি পদে ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেছেন, এ নির্বাচনের মাধ্যমে নতুন করে গণতন্ত্রের দ্বার উন্মোচন হবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আবিদুল ইসলাম বলেন, অনেক দীর্ঘ সময় পরে ডাকসু নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। আপনারা আপনাদের বিবেক খাটিয়ে যথাযথ নেতৃত্ব বেছে নিন। তিনি আরও বলেন, কেউ ভোটাধিকার প্রয়োগ না করে ঘরে বসে থাকবেন না। সবার প্রতি আমার উদাত্ত আহ্বান— আপনারা ভোট দিন, আপনার অধিকার নিশ্চিত করুন।

এদিন সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারের ৩৮তম ডাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন এবং এজিএস পদে ৪ জন রয়েছেন।

Nagad
Nagad