প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্, সেপ্টেম্বর ৯, ২০২৫
সারাদিন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোটের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী সাদিক কায়েম।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এ নির্বাচনের মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে সুষ্ঠু নির্বাচন বিনির্মাণ করতে চাই। শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করেছে, ইনশাআল্লাহ বিজয় হবে।
সকালে ভোট গ্রহণ শুরুর পরিবেশের প্রশংসা করে তিনি বলেন, যেভাবে নির্বাচন শুরু হয়েছে, আশা করি শেষ পর্যন্ত সব প্রার্থী দায়িত্বশীল আচরণ করবেন। আমরা সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
আচরণবিধি মানার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করে বা নির্বাচন কমিশন কাউকে অতিরিক্ত সুবিধা দেয়, শিক্ষার্থীরা তা মেনে নেবে না। আমরা চাই না এমন কোনো পরিস্থিতি তৈরি হোক।
সাদিক কায়েম বলেন, আমরা এ নির্বাচনের মাধ্যমে সারাদেশে একটি ইতিবাচক বার্তা দিতে চাই। গত ১৬ বছরে শিক্ষার্থীরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার ডাকসু নির্বাচন গণতন্ত্রের একটি স্থায়ী রূপের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবে।
এদিকে এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৪৫, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন লড়ছেন।
ছাত্রদল সমর্থিত ‘আবিদ-হামীম-মায়েদ পরিষদ’ ও শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোটের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। এছাড়া গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্রঅধিকার পরিষদ ও বামপন্থী শিক্ষার্থীদের প্যানেলসহ একাধিক জোট এবার প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছে।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ এবং ১৩ ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন ভোটার রয়েছেন।