প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্, সেপ্টেম্বর ৯, ২০২৫
সারাদিন ডেস্ক
রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, সংঘর্ষ ও লাশ পোড়ানোর ঘটনায় এ পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
প্রেস উইং জানায়, পুলিশের গাড়ি ভাঙচুর, মাজার ভাঙা, সংঘর্ষে আহত-নিহত, সম্পদ লুটপাট, কবর থেকে লাশ উত্তোলন ও পুড়িয়ে ফেলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এসব গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে স্থানীয় এক মসজিদের ইমাম লতিফ হুজুর রয়েছেন। তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন। ভোরে মানিকগঞ্জের চর এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা মো. আজাদ মোল্লা (৫৫) বাদী হয়ে সোমবার রাতে একটি মামলা দায়ের করেছেন।
গত ৫ সেপ্টেম্বর রাতে নুরাল পাগলার দরবারে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়। এ সময় ভক্তদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হন এবং দুই পক্ষের অন্তত শতাধিক মানুষ আহত হন।