Print

সারাদিন

সাবেক সচিব শফিকুল ইসলাম গ্রেপ্তার

প্রকাশিত: ১:১৭ অপরাহন, সেপ্টেম্বর ৯, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে পটুয়াখালীর কলাপাড়ার আনন্দলোক ইকো রিসোর্ট থেকে তাকে আটক করে ঢাকায় আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি জানান, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, শফিকুল ইসলাম ছাড়াও গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

মামলার নথিতে বলা হয়েছে, গত ২৮ আগস্ট রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বক্তব্য দেন এবং উপস্থিত কয়েকজন আওয়ামী লীগবিরোধী স্লোগান দেন। ওই বৈঠকে ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

উল্লেখ্য, একই মামলায় এর আগে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকেও গ্রেপ্তার করা হয়েছিল। এবার সেই মামলায় শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হলো।

Nagad
Nagad

প্রসঙ্গত, শফিকুল ইসলাম ২০১৩ সালে পরিকল্পনা বিভাগের সচিব ছিলেন। পরে ২০১৫ সালে তাকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব করা হয়।